শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, দক্ষতাতেও গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, আপডেট ১৬:৫৫
শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, সরকার দক্ষতাতেও গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মাহদী আমিন বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের জন্য সুশিক্ষিত জাতি গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।’
তারুণ্যের আকাঙ্ক্ষাকে উপজীব্য করেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষায় বৈষম্য থাকা উচিত নয়। শিক্ষায় জ্ঞানের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে। অনেকের দক্ষতা থাকলেও জ্ঞান নেই, আবার অনেকের জ্ঞান থাকলেও দক্ষতা নেই। শিক্ষা ব্যবস্থায় এ দুটোরই সমন্বয় করতে চায় সরকার।’
জুলাই গণ-অভ্যুত্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে মাহদী আমিন বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল। সব শ্রেণিপেশার মানুষ যোগ না দিলে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামানো সম্ভব হতো না।’
ইউডি/রেজা

