জবি উপাচার্যের নতুন ক্যাম্পাস পরিদর্শন

জবি উপাচার্যের নতুন ক্যাম্পাস পরিদর্শন

উত্তরদক্ষিণ | বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৩৬

জবি প্রতিনিধি :: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের পর এখন মাটির গুণাগুণ পরীক্ষা ও ডিজিটাল সার্ভে কাজ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি-২০২১) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস-এর মাটির গুনাগুন পরীক্ষা ও ডিজিটাল সার্ভে কাজের পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

জানা যায়, ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে৷ দুই হাজার কোটি টাকার বাজেটে হতে যাওয়া জবির নতুন ক্যাম্পাসটির মাটির গুণাগুণ দেখাসহ ডিজিটাল সার্ভে কাজ শুরু হয়েছে।

নতুন ক্যাম্পাসের মাটির গুণাগুণ পরীক্ষা ও ডিজিটাল সার্ভে কাজ পরিদর্শনের বিষয়ে জবির প্রকৌশলী দপ্তরের প্রধান মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা মূলত নতুন ক্যাম্পাসের প্রধান ফটক কোন পাশে হবে তা দেখতে এবং মাটি পরিদর্শনে গিয়েছিলাম৷ নতুন ক্যাম্পাসের ভেতরের রাস্তাগুলো কোন দিক দিয়ে হবে তাও আমরা দেখে আসলাম৷

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ বিষয়ে বলেন, “২০০ একর জমির উপর আমাদের নতুন ক্যাম্পাস হবে৷ ভূমি পরিদর্শনে গিয়ে আমরা আমাদের ক্যাম্পাসের মাটির গুণাগুণ দেখে আসলাম। ভেতরের চারটা পুকুর কোথায় কোথায় হবে তাও দেখলাম৷ মাওয়া থেকে যে রেললাইন আমাদের ক্যাম্পাসের পাশ দিয়ে গিয়েছে, আমরা চাচ্ছি সেখানে একটা স্টপেজ রাখার জন্য। আমরা আশাবাদী সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই আমরা আমাদের নতুন ক্যাম্পাস গড়ে তুলতে পারবো”

নতুন ক্যাম্পাস পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, সহকারী প্রক্টরবৃন্দ, অর্থ হিসাব দপ্তরের পরিচালক ড. মোঃ কাজী নাসির উদ্দীন, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মোঃ সাহাদাত হোসেন, এবং সহকারী রেজিস্ট্রার এস্টেট মোহাম্মদ কামাল হোসেন সরকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading