বাড়ি ফেরার অপেক্ষায় সৌরভ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৭:১৭
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়ার পর বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আবারও এনজিওপ্লাস্টি করানো হয়েছে সৌরভ গাঙ্গুলীর। এর পর হৃদপিণ্ডে বসানো হয়েছে আরও দুটি স্টেন্ট। এখন সার্বিকভাবে অনেকটাই সুস্থ তিনি। সব কিছু ঠিক থাকলে দুই-এক দিনের মধ্যে হাসপাতাল ছেড়ে যেতে পারবেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সভাপতি। খবর আনন্দবাজারের।
অবশ্য বৃহস্পতিবার সৌরভের চিকিৎসার জন্য উড়ে আসেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সৌরভের আরেক চিকিৎসক আফতাব খান বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলী অনেকটাই সুস্থ। আজকে আবার নিয়মিত চেকআপ করা হবে। সব কিছু ঠিক থাকলে তিনি শনিবারই ছাড়া পেয়ে যেতে পারেন।’
এদিকে সৌরভকে দেখতে গতকাল হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, ‘সৌরভ সজাগ আছে, কথা বলছে।’
প্রসঙ্গত, বুধবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। ধমনীতে ব্লক বেড়ে যাওয়াতে নতুন করে বসানো হয়েছে দুটি স্টেন্ট। এর আগে সর্বশেষ ২ জানুয়ারি প্রথমবার একই রকম বুকে ব্যথা নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেবারও স্টেন্ট বসানো হয়েছিল। ৫ দিন হাসপাতালে থেকেই এর পর বাড়ি ফিরতে পেরেছিলেন।

