কেন ক্যাঙারু কেক কাটেননি, রাহানের মনকাড়া উত্তর
উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৬:৫৪
বিরাট কোহলির বদলে অস্ট্রেলিয়া সফরের শেষ তিন টেস্টে ইন্ডিয়ার অধিনায়কত্ব করা অজিঙ্কা রাহানে সে জন্য প্রশংসায় ভাসছেন। অস্ট্রেলিয়া জয় করে দেশে ফেরার পর রাহানেকে অনুরোধ করা হয় ক্যাঙারু আকৃতির একটি কেক কাটতে। কিন্তু তাতে সরাসরি ‘না’ করে দেন রাহানে। শনিবার (৩০ জানুয়ারি) ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলের সঙ্গে আলাপকালে তিনি সেই কারণ ব্যাখ্যা করেছেন ।
প্রথম টেস্টে অ্যাডিলেডে হারের পথে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছিল ইন্ডিয়া, যা টেস্টে ইন্ডিয়ার ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন স্কোর। ওই টেস্টের পর আবার নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিও দেশে ফিরে আসেন।
কিন্তু রাহানের নেতৃত্বে ইন্ডিয়ার জবাবটা হলো দারুণ। দ্বিতীয় টেস্টে জিতেছে, তৃতীয় টেস্টে দারুণ লড়ে ড্র, আর অনেক নাটকের পর ব্রিসবেনে হওয়া চতুর্থ টেস্টে ভাঙাচোরা দল নিয়ে গড়েছে ইতিহাস।
রাহানেকে ঘিরে উদ্যাপনে একটু বাড়াবাড়িই করে ফেলেছিলেন ভক্তরা। ক্যাঙারু আকৃতির কেক কাটতে অনুরোধ করা হয়েছিল রাহানেকে। ক্যাঙারু অস্ট্রেলিয়ার প্রতীক, ক্যাঙারু আকৃতির কেক কাটা মানে অস্ট্রেলিয়াকে ‘বধ’ করার দৃশ্যায়ন, এমনটাই হয়তো ভেবেছিলেন ভক্তরা। কিন্তু রাহানে বোঝালেন, মাঠের ব্যাট-বলের লড়াইয়ের ব্যাপ্তি শুধু মাঠেই। মাঠের বাইরে সেসব টেনে আনা শুধুই প্রতিশোধপরায়ণতা, অন্যকে অসম্মান করা।
রাহানের সঙ্গে আলাপের ভিডিও টুইটারে দিয়ে ভোগলে লিখেছেন, ‘ওই ক্যাঙারু আকৃতির কেক আর সেটি কাটতে না চাওয়ার কারণটা রাহানের কাছ থেকে জানার ইচ্ছা ছিল। এই ছোট ছোট দিকই একজন মানুষ সম্পর্কে আপনাকে আরও ভালো ধারণা দেয়।’

