পূর্ণাঙ্গ কমিটির দাবিতে ছাত্রদলের অনশন

পূর্ণাঙ্গ কমিটির দাবিতে ছাত্রদলের অনশন

উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৮:২২

দুই ঘণ্টা প্রতীকী অনশন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পদ প্রত্যাশী নেতৃবৃন্দরা। সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই অনশন অনুষ্ঠিত হয়।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, করোনার কারণে কমিটি গঠনের কার্যক্রম পিছিয়ে গিয়েছিল। তবে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে। এজন্য আমরা ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি নিয়ে কাজ করছি। এরপর কেন্দ্রীয় কমিটি দেয়া হবে। কিন্তু বর্তমান কমিটির দুই বছর মেয়াদের মধ্যে ১৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। এজন্য আজ আমরা অনশনে বসেছি।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পদ প্রত্যাশী নেতৃবৃন্দের ব্যানারে এই অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ পদ প্রত্যাশী প্রায় ৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় পদ প্রত্যাশী নেতৃবৃন্দরা বলেন, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের পর এক থেকে দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রসঙ্গত, ২০১৯ সালে ১৯ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সময় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন শ্যামল। পরে প্রায় তিন মাস পর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হলেও এখন পর্যন্ত সংগঠনটি পূর্ণাঙ্গ কমিটি দেয়নি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading