করোনা ব্যবস্থাপনা: আমেরিকা-ইন্ডিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ
উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৮:৪০
করোনা ব্যবস্থাপনায় আমেরিকা আর ইন্ডিয়ার থেকে র্যাংকিংয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউটের গবেষণার ফলাফলে দেখা গেছে, বাংলাদেশের অবস্থান ৮৪তম।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লোওয়ি ইনস্টিটিউটের করোনাভাইরাস মোকাবিলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে করা র্যাঙ্কিংয়ে এই ফলাফল এসেছে। এই গবেষণায় আমেরিকা এবং ইন্ডিয়ার চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনটি দেশের তালিকায় স্থান পেয়েছে নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও তাইওয়ান। শীর্ষ ১০-এ থাকা বাকি দেশগুলো হলো থাইল্যান্ড, সাইপ্রাস, রোয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলংকা। র্যাঙ্কিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮৪তম। বাংলাদেশের আগে ৮৩তম অবস্থানে রয়েছে ইরাক। বাংলাদেশের পরে ৮৫তম দেশ ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়ার অবস্থান ৮৬তম । আবার বাংলাদেশের চাইতেও ১০ ধাপ পিছিয়ে আছে আমেরিকা। এর পরেই ইরান, কলম্বিয়া, মেক্সিকো। এই তালিকায় সবার নিচে অবস্থানকারী দেশ হলো ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।
এছাড়া ১৬তম অবস্থানে রয়েছে মালয়েশিয়া, ৪৪তম স্থানে বাহরাইন, ৪৫তম স্থানে জাপান, সুইজারল্যান্ড ৫৩তম, ইতালি ৫৯তম, কানাডা ৬০তম ও ৬২তম স্থানে ইসরাইলের অবস্থান। এছাড়া সৌদি আরব ৬৪তম, ইংল্যান্ড ৬৬তম, পাকিস্তান ৬৯তম, ফ্রান্স ৭৩তম, তুরস্ক ৭৪তম র্যাঙ্কিংয়ে রয়েছে। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া এই তালিকায় ৭৬তম স্থানে, কুয়েত রয়েছে ৮০তম স্থানে।
প্রসঙ্গত, প্রতি দেশের তালিকা করার জন্য মোট করোনা আক্রান্তের সংখ্যা, প্রতি ১০ লাখে আক্রান্তের সংখ্যা, প্রতি ১০ লাখ আক্রান্তে মৃত্যুর সংখ্যা এবং প্রতি হাজারে করোনা টেস্টের সংখ্যার হিসাব নিয়ে এই তালিকা করা হয়েছে।

