বাংলাদেশে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরে আসছে: পরিকল্পনামন্ত্রী
উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৯:১৮
সরকার ব্যাংকিং খাতে উন্নত বিশ্বের সিস্টেম নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, খেলাপি ঋণের পরিমাণ কমছে। শৃঙ্খলা ফিরে আসছে বাংলাদেশে ব্যাংক খাতে। তবে এখনো কিছু অনিয়ম রয়ে গেছে। সরকার ব্যাংক খাতকে আরো স্বচ্ছভাবে পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যাল উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
দেশে পুরোনো ধারার ব্যাংকিং ব্যবস্থা এখন আর নেই বলে জানিয়ে মন্ত্রী আরও বলেন, টাকা তুলতে গিয়ে ব্যাংকে লাইনে দাঁড়ানোর সময় এখন আর মানুষের নেই। উন্নত ব্যবস্থার কারণে ব্যাংকের সবই চলে যাবে কার্ডে এবং মেশিনেসহ নানা সিস্টেমে এবং অনলাইনে। উন্নত দেশগুলোতে ব্যাংকিং সেবা সেভাবেই চলছে।
মূর্যাল উদ্বোধনের সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুননাহার শাম্মী, দুক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

