বিএনপি নির্বাচন বানচাল করতে নানামুখী অপতৎরতা চালাচ্ছিল: চসিক মেয়র
উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৯:৪৩
বিএনপি নির্বাচন বানচাল করতে নানামুখী অপতৎরতা চালিয়ে আসছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, মানুষ ভোটের মাধ্যমে বিএনপির সন্ত্রাসের জবাব দিয়েছে এবং প্রত্যাখ্যান করেছে। বিএনপি নিজেদের সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ক্যাডারদের জড়ো করে অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছিল। প্রশাসনের কঠোর নজরদারি ও তৎপরতা থাকায় এসব সন্ত্রাসীদের অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গেছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।
চসিক নির্বাচনকে কেন্দ্র করে হামলায় আহতদের দেখতে গিয়ে শনিবার (৩০ জানুয়ারি) তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে আহতদের খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখার পর তিনি দামপাড়া পুলিশ লাইন কেন্দ্রে সন্ত্রাসী হামলায় আহত তানভির ফয়সাল ইভানের বাসায় যান।
চসিক মেয়র বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে তারা এতটাই বেপরোয়া ছিল যে, আমাদের কর্মীদের ধৈর্যশীল আচরণের সুযোগ নিয়ে হামলা করেছে, আঘাত করেছে। মানুষ এসব সন্ত্রাসী হামলার জবাব ভোটের মধ্য দিয়ে দিয়েছে, বিএনিপিকে প্রত্যাখ্যান করেছে।’
এসময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান ও আহত ইভানের পিতা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। ভোটে তিনি জয়লাভ করেন।

