মার্চে টুঙ্গিপাড়া সফর করতে পারেন মোদি

মার্চে টুঙ্গিপাড়া সফর করতে পারেন মোদি

উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ০৯:৫০

ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে পারেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ঢাকা-নয়াদিল্লী’র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে চলতি বছরের মার্চ মাসে নরেন্দ্র মোদির দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে।

রবিবার (৩১ জানুয়ারি) উভয় দেশের কর্মকর্তারা এ কথা জানিয়েছে। মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনার ব্যাপারে পররাষ্ট্র সচিব পর্যায়ের এফওসি বৈঠকে আলোচনা হয়।

ইন্ডিয়ার রাজধানীতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’র ফাঁকে বাসস-কে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ হাই কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘মোদি এই সফরকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় তার সমাধিস্থলে যেতে পারেন।’

তিনি এও বলেন যে- এই সফর সম্পর্কে এখনো কিছু চূড়ান্ত হয়নি। এফওসি’র সাথে সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনা নিশ্চিত করলেও, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ইন্ডিয়ার ওই কর্মকর্তা আরো বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে তার টুঙ্গিপাড়া সফরের জোরালো সম্ভাবনা রয়েছে।’

উভয় পক্ষের কর্মকর্তারা জানান, ২৬ মার্চ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছবেন এবং পরের দিন তিনি দেশে ফিরে যাবেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাবের পর এটাই তার প্রথম বিদেশ সফর। তারা বলেন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী প্রথমদিনের উৎসবে যোগ দিবেন। পরের দিন তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন।

কর্মকর্তারা আরো বলেন, উভয় দেশের মধ্যে শুক্রবার (৩১ জানুয়ারি) এফওসি বৈঠকে কোভিড-১৯ সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতীয় সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক হয়। খবর বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading