আর্সেনালের সঙ্গে ইউনাইটেডের গোলশূন্য ড্র
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ০৯:৩৫
গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কেউ। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে শনিবার (৩০ জানুয়ারি) দুই দলের ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র।
আর্সেনালের বিপক্ষে টানা দুই লিগ ম্যাচ হারের পর ড্র করা ইউনাইটেড ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে আর্সেনাল।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল ইউনাইটেড। তবে আক্রমণে সমানে সমান ছিল দুই দল। ষোড়শ মিনিটে গোলমুখে প্রথম আক্রমণ শানায় আগের দুই লিগ ম্যাচে জিতে আসা আর্সেনাল। কিন্তু আলেকসঁদ লাকাজেতের দূরপাল্লার শট সরাসরি জমে যায় দাভিদ দে হেয়ার গ্লাভসে।
সবশেষ লিগ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের কাছে হেরে আসা ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমার্ধের সেরা সুযোগটি পায় ২০তম মিনিটে। ডি-বক্সের একটু ওপর থেকে ফ্রেদের শট লাফিয়ে আঙুলের টোকায় কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক বার্নড লেনো।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ তৈরি করছিল দুই দলই। ৬০তম মিনিটে লুক শয়ের পাসে ইউনাইটেডের এদিনসন কাভানির ডি-বক্সের ভেতর থেকে নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে যায়।
শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ৭৯তম মিনিটে র্যাশফোর্ডের শট বাইরের জাল কাঁপায়।
জয় না মিললেও দারুণ একটি ক্লাব রেকর্ড গড়েছে সুলশারের ইউনাইটেড। এ নিয়ে প্রতিপক্ষের মাঠে টানা ১৮ লিগ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়ল তারা।

