চায়ের কেজি ৫০০০ টাকা!
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৫০
দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে সম্প্রতি ১৭তম নিলামে বিক্রি হয়েছে ‘হোয়াইট টি’। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানে উৎপাদনকৃত এই চা বিক্রি হয়েছে প্রতি কেজি ৫ হাজার টাকা মূল্যে। হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত বৃন্দাবন চা বাগানে বিশেষ প্রক্রিয়ায় এ বছর উৎপাদন করা হয়েছিল মাত্র ১০ কেজি হোয়াইট টি। এতে নেতৃত্ব দিয়েছেন চা বাগানটির ব্যবস্থাপক নাসির উদ্দিন খান। নিলামে ১০ কেজি চা বিক্রি হয় ৫০ হাজার ১০০ টাকায়।
‘হোয়াইট টি’ তৈরির জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছেন বৃন্দাবন চা বাগানের ম্যানেজার নাসির উদ্দিন খান।
তিনি গণমাধ্যমকে জানান, কোন মেশিনের সহযোগিতা ছাড়াই বিশেষ পাতা দিয়ে সম্পূর্ণ হাতে তৈরি করেছেন এই চা। যে কারণে এই চায়ের গুণগত মান ও স্বাদ অসাধারণ। এই হোয়াইট টি আমার দীর্ঘদিনের গবেষণা ও পরিশ্রমের ফসল। বুধবার এই চা সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছে। ইতোমধ্যে বাজারে ব্যাপক সাড়া জাগিয়েছে এই চা।’
নাসির উদ্দিন বলেন, ‘এ বছর পরীক্ষামূলকভাবে ১০ কেজি হোয়াইট টি উৎপাদন করেছিলাম। আমার পরিকল্পনা রয়েছে আগামী বছর ব্যাপক পরিসরে উৎপাদন করার। তবে ব্যাপক পরিসরে হোয়াইট টি উৎপাদন করতে হলে মেশিনের প্রয়োজন রয়েছে। যে কারণে এই মেশিন নিয়ে আসতে আমি বিভিন্ন স্থানে যোগাযোগ করছি।’

