ছোট রাষ্ট্রগুলোতে বিনামূল্যে টিকাদানে উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:৪৫
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এলডিসি, এলএলডিসি, ছোট রাষ্ট্র, উন্নয়নশীল দ্বীপ রাষ্ট্র এবং বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোর বিনামূল্যে টিকার চাহিদা পূরণে বাংলাদেশ কমনওয়েলথভুক্ত উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায়।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কমনওয়েলথ আইন মন্ত্রীদের একটি ভার্চুয়াল সভায় তিনি বলেন, যতক্ষণ না সবাইকে টিকা দেয়া হচ্ছে, ততক্ষণ কেউ নিরাপদ নয়।
তিনি বলেন, বাংলাদেশ সরকার বাণিজ্যিকভাবে কেনা অক্সফোর্ডের টিকাদান শুরু করেছে। তবে ৭ ফেব্রুয়ারি থেকে নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে তা প্রদান করছে।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের দ্বারা স্বাস্থ্যের অধিকার নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে কোন বাংলাদেশী নাগরিকের ওষুধ এবং করোনা টিকা পাওয়ার ক্ষেত্রে আইনী বাধা নেই।
তিনি আরও বলেন, কমিউনিকেবল ডিজিজ (প্রিভেনশন, কন্ট্রোল এন্ড ডিনিসেক্ট) অ্যাক্ট, ২০১৮ অনুযায়ী সফল নাগরিকদের কোন পক্ষপাত ছাড়াই ওষুধ ও সরঞ্জামাদি পাওয়ার অধিকার রক্ষা করে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে ভয়াবহ করোনা মহামারী থেকে জীবন ও জীবিকা বাঁচাতে বাংলাদেশ বেশ চমৎকার কাজ করেছে।
তিনি আরও বলেন, আমাদের সংক্রমণ এবং মৃত্যুর হার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ স্মার্ট, অভিযোজিত ও উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে তার নাগরিকদের ন্যায়বিচারের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

