‘ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন হবে’
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:২৫
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নিত করছে। সড়কটি আধুনিক ও বিশ্বমানের হবে। এই সড়কের ১৭ কিলোমিটার ফ্লাইওভারসহ মধ্যখানে থাকবে ডিভাইডার। সড়কের পাশাপাশি স্থাপিত হবে ডাবল রেললাইন। পদ্মা সেতু ও কর্ণফুলি নদীতে সুড়ঙ্গপথের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌরসভা আয়োজিত প্রেসক্লাব চত্বরে কোদালীছড়ার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি এসময় আরও বলেন, কিছু লোক আমাদের মধ্যে ঢুকে পড়েছে। এরা মনে-প্রাণে বাংলাদেশের ভালো চায় না। তাদের কারণে ত্রিশ লাখ মানুষের রক্ত দিতে হয়েছিলো। আওয়ামী লীগের কর্মী হওয়া গর্বের বিষয়। এখন জ্বালাও-পোড়াওয়ের দিন শেষ, উন্নয়নের বাংলাদেশ। ব্রিজ-কালভার্টের উন্নয়ন করলে হবে না, শত্রুদেরও চিহ্নিত করতে হবে। গণতান্ত্রিক সরকার, স্বৈরতান্ত্রিক নয়, তাই গায়ের জোরে কিছু করা যায় না। গায়ের জোরে কাজ করে স্বৈরশাসক। এই সরকার আপনাদের সরকার।
মন্ত্রী বলেন, সরকার মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকা করেছে, ১০ টাকায় চাল, বিনামূল্যে চাল ও ঋণ সুবিধা দিয়েছে। দারিদ্রের ম্যাপ আছে, বিদ্যুতের ম্যাপ আছে, স্কুলের ম্যাপ আছে। প্রত্যেক জেলায় পর্যায়ক্রমে যারা পিছিয়ে আছে তাদেরকে উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

