ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৪১ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:১৫
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে আরও ৪১ অভিবাসী।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শনিবার এই সাম্প্রতিকতম নৌকাডুবির ঘটনা ঘটে। প্রায় ১৫ ঘণ্টা ধরে সাহায্য চাইতে থাকে নৌকাটি। পরে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই এসব অভিবাসী প্রাণ হারায়। খবর ডেইলি সাবাহ’র।
জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি অন্তত ১২০ অভিবাসীকে নিয়ে লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে রওনা দেয় নৌকাটি। নৌকাটি ডুবতে শুরুর পর প্রায় ১৫ ঘণ্টা ধরে এর আরোহীরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য চাইতে থাকেন। এই সময়ের মধ্যে ছয় ব্যক্তি পানিতে পড়ে মারা যায়। আর অপর দুই জন দূরে একটি নৌকা দেখে সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করে মারা যায়। তারও প্রায় তিন ঘণ্টা পর ভস ট্রাইটন জাহাজ নৌকাটির কাছে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
উদ্ধার অভিযানের সময়ও বহু অভিবাসী প্রাণ হারায়। বেঁচে যাওয়াদের উদ্ধার করে জাহাজটি ইতালির বন্দর শহর পোর্টো এম্পেদেকোলেতে নিয়ে যায়।তবে এখনও তিন শিশু ও চার নারীসহ অনেকে নিখোঁজ রয়েছেন।

