রেলের ট্র্যাকগুলোর আরো আধুনিকায়ন হচ্ছে: মন্ত্রী
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:৩৫
রেলের অবকাঠামোতেও ঘাটতি আছে জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, “ট্র্যাকগুলোর আরো আধুনিকায়ন হচ্ছে। আমরা রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছি। অজুহাত নয়, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।”
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রেলভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী। বাংলাদেশ রেলওয়ের জনবল সঙ্কট কাটাতে ১০ থেকে ১২ হাজার লোক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “বর্তমানে ১৩৭টি স্টেশন বন্ধ রয়েছে লোকবলের অভাবে। আমরা প্রথম ধাপে ১০ থেকে ১২ হাজার লোকবল একসঙ্গে নিয়োগ দেব রেলে, সেই পদক্ষেপ গ্রহণ করেছি।”
সেই নিয়োগের জন্য এ মাসেই বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, “নিয়োগ দেওয়ার পর তাদের প্রশিক্ষণ দেব। আমরা আশা করছি, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে রেলের জনবল ঘাটতির অভিযোগ থেকে নিজেদের মুক্ত করতে পারব।”

