ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ নেতা বহিষ্কার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৪৫
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈমসহ সাত নেতাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।
এছাড়া ঢাকা মহানগর এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর বাইরে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সহ-সভাপতি জয় রায়, সহকারী সাধারণ সম্পাদক মিখা পিরেগু, সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল, সদস্য সাদ্দাম হোসেম, সদস্য রথীন্দ্রনাথ বাপ্পীকে ‘অসাংগঠনিক কার্যক্রমের’ সাথে যুক্ত থাকার অভিযোগে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন কাজের সাথে সম্পৃক্ত হলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে হুঁশিয়ার করা হয়েছে।
এতে বলা হয়, “সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি এবং নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডের দায়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সম্পা দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ, সাধারণ সম্পাদক রাগীব নাঈম, সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু, ঢাকা মহানগর সংসদের সভাপতি তাসিন মল্লিক, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদাত মাহমুদকে গঠনতন্ত্রের ৫৬ (ক) ধারা অনুযায়ী ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।”

