লেডি গাগার কুকুর খুঁজে দিলেই মিলবে সোয়া ৪ কোটি টাকা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৩২
আমেরিকার লস এঞ্জেলেসে পপ তারকা লেডি গাগার এক কর্মচারীকে গুলি করে ছিনতাইকারী দুটি ফরাসী বুলডগ নিয়ে পালিয়েছে। কুকুর ছিনতাইয়ের পর ফিরে পেতে ৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া ৪ কোটি টাকা) পুরস্কারও ঘোষণা করেছেন এই তারকা।
বুধবার স্থানীয় সময় রাতে হলিউডে সন্দেহভাজন ছিনতাইকারী আধা-স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গাগার কুকুরপালক রায়ান ফিশারকে গুলি করে কোজি ও গুস্তাভ নামের কুকুরদুটি নিয়ে যায়।
আহত রায়ানকে হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা কেমন তা জানা যায়নি, বলেছে লস এঞ্জেলেস পুলিশ। ছিনতাইয়ের সময় মিস এশিয়া নামে গাগার আরেকটি বুলডগ পালিয়ে গিয়েছিল; পরে পুলিশ তাকে উদ্ধার করেছে বলে জানিয়েছে বিবিসি।
প্রসঙ্গত, লেডি গাগা নামে পরিচিত হলেও মার্কিন এ পপ তারকার আসল নাম স্টেফানি গেরমানোত্তা। তিনি এখন রোমে রিডলি স্কটের গুচ্চি চলচ্চিত্রে কাজ করছেন।

