স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: বাংলাদেশের সাফল্যে খুশি ইন্ডিয়া
উত্তরদক্ষিণ | শনিবার, ০৬ মার্চ, ২০২১ | আপডেট: ১৮:৩০
বাংলাদেশের সাফল্যে খুশি ইন্ডিয়া। এছাড়া বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেছে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর দ্য হিন্দু বিজনেস।
সম্প্রতি স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য জাতিসংঘের সুপারিশ লাভ করেছে বাংলাদেশ। এ ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার (৫ মার্চ) এক ব্রিফিংয়ে বলেছেন, সম্প্রতি ঢাকায় এক যৌথ সংবাদ সম্মেলনে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের ভূয়সী প্রশংসা করেছেন।
তিনি বলেন, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণে আমরা খুশি। প্রতিবেশি দেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব।
এর আগে জয়শঙ্কর উন্নয়নশীল দেশের স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সম্পূর্ণ নিজের কাজ ও যোগ্যতায় এটি (এলডিসি) অর্জন করেছে। যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে ভারতে। আর দুই দেশের মধ্যে উন্নয়নকে কেন্দ্র করে অনেক সম্ভাবনা আছে।’
উল্লেখ্য, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকায় পৌঁছান। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশ ভারতের সত্যিকারের বন্ধু। দুই দেশের মধ্যে সম্পর্ক এমন জায়গায় দাঁড়িয়েছে যে, এখন এমন কোনো ইস্যু নেই যে উভয় দেশের মধ্যে আলোচনা হতে পারে না।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাসের পরবর্তী সময়ে মোদির এটাই প্রথম বিদেশ সফর।

