ভিডিও কী অর্থ আয়ের উপযুক্ত, আগেই জানাবে ইউটিউব
উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:০০
টেক জায়ান্ট গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ‘চেকস’ শিরোনামে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে। যার মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরেরা ভিডিও আপলোড করার আগেই জানতে পারবেন, তাঁদের কনটেন্ট কপিরাইট লঙ্ঘন করছে কি না। শুধু তা-ই নয়, এই ফিচারে মনিটাইজেশন পরীক্ষাও করে নেওয়া যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের খবর, ইউটিউবের স্টুডিওর ডেস্কটপ ভার্সনে এই ফিচারের দেখা মিলবে। এই ফিচারের মাধ্যমে মাত্র তিন মিনিটে কপিরাইট পরীক্ষা শেষ করে কনটেন্ট ক্রিয়েটরদের জানিয়ে দেওয়া হবে, তাঁদের ভিডিও কপিরাইট লঙ্ঘন করছে কি না, সেই তথ্য। এ ছাড়া মনিটাইজেশন পরীক্ষায় আরও কয়েক মিনিট বেশি সময় লাগবে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে ইউটিউব। এত দিন ভিডিও আপলোডের পর কপিরাইট লঙ্ঘনের ব্যাপারটি অবহিত করা হতো কনটেন্ট ক্রিয়েটরদের। নতুন এই ফিচারের ফলে অর্থ আয়ের পথ সহজ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
এছাড়াও টুইটারে ইউটিউবের ভিডিও দেখা যাবে। এই সংক্রান্ত একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে টুইটার। বর্তমানে টুইটারে শেয়ার করা ইউটিউবের কোনও লিংকে ক্লিক করলে লিংকটি ব্যবহারকারীকে ইউটিউব অ্যাপে নিয়ে যায়। অর্থাৎ টুইটার থেকে বের হয়ে যেতে হয়। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে টুইটার প্ল্যাটফর্মে থেকেই ইউটিউব ভিডিও দেখতে পারবে ব্যবহারকারীরা। ভিডিও দেখা শেষ হলে আবারও স্ক্রল করে দেখা যাবে। তবে আপাতত শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটি আনছে টুইটার। প্রাথমিক অবস্থায় কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান ও সৌদি আরবের ব্যবহারকারীরা ফিচারটির সুবিধা পাবে।
এক টুইটে প্রতিষ্ঠানটি জানায়, আইওএস ব্যবহারকারীরা যেনও টুইটারে থেকেই ইউটিউব ভিডিও দেখতে পারে, সেজন্য নতুন ফিচারের পরীক্ষা শুরু করেছি।
প্রসঙ্গত, পেপ্যালের তিন প্রাক্তন কর্মকর্তা চড হারলি, স্টিভ চেন ও জাওয়েদ করিম ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ইউটিউব চালু করেন। দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় ২০০৬ সালের নভেম্বরে গুগল এই সাইটটি ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয়। ইউটিউব বর্তমানে গুগলের অন্যতম অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।

