শিল্পকলায় বঙ্গবন্ধুর ভাষণের ওপর একক চারুকলা প্রদর্শনী শুরু
উত্তরদক্ষিণ | সোমবার, ২৯ মার্চ, ২০২১ | আপডেট: ১২:১৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং অন্যান্য ভাষণের ওপর ভিত্তি করে একক চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রবিবার (২৮ মার্চ) শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ‘স্বাধীনতার মৃত্যুঞ্জয়ী কবি’ শিরোনামে শিল্পী মিজানুর রহমানের নির্বাচিত শিল্পকর্মের প্রদর্শনীর উদ্বোধন করেন।
জাতীয় চিত্রশালার ৪নং গ্যালারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পক্ষকালব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এবং চিত্রশিল্পী অধ্যাপক আবুল বারক আলভী। স্বাগত বক্তৃতা করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে পন্ডিত অজয় চক্রবর্তীর পরিচালনায় দিনব্যাপী সংগীত বিষয়ক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় আজ একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিকাল ৪টা থেকে রাত ৮টা পন্ডিত অজয় চক্রবর্তীর পরিচালনায় সংগীত বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব মো. নওসাদ হোসেন, একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। কর্মশালায় ১১০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

