রাতে রিপোর্ট পেলে হয়তো আজ খেলা যেত: আশরাফুল
উত্তরদক্ষিণ | সোমবার, ২৯ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:১৫
গতকাল রবিবার (২৮ মার্চ) করোনা পজিটিভের ফল পাওয়ায় আজ মাঠে নামা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। তবে একদিনের ব্যবধানে দ্বিতীয় পরীক্ষায় তার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। তাইতো আফসোসে পুড়ছেন এই খেলোয়াড়। রাতের মধ্যে রিপোর্ট পেয়ে গেলে হয়তো আজ সকালে মাঠে নামতে পারতেন।
মূলত বরিশাল বিভাগের স্কোরবোর্ড দেখে আফসোস করছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসে তার দল অল আউট মাত্র ৮২ রানে। তিনি থাকলে হয়ত রান কিছুটা হলেও বাড়ত।
প্রথম রাউন্ডে মাঠে নামলেও ব্যাট হাতে ভালো করতে পারেননি। প্রথম ইনিংসে ৪৮ ও দ্বিতীয় ইনিংসে ১ রান করেছিলেন।
করোনার কোনো উপসর্গ ছিল না আশরাফুলের। বিশ্বাস ছিল প্রথম রিপোর্টটি ভুল এসেছিল। এ জন্য নিজের ব্যবস্থায় দ্বিতীয় টেস্ট করান। সেই রিপোর্টের ফলে তিনি সন্তুষ্ট। মিরপুরের হোটেলের প্রিন্সে আইসোলেশনে ছিলেন তিনি। সকালে চেক আউট করে গিয়েছেন বিকেএসপিতে। সেখানে দলের সঙ্গে থেকে তিন রাউন্ডের জন্য প্রস্তুতি নেবেন।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘সকাল ১১টার পর রিপোর্ট পেয়েছি। নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ। রাতে রিপোর্ট পেয়ে গেলে হয়তো আজ ম্যাচ খেলা যেত। এখন কিছু করার নেই অবশ্যই। তৃতীয় রাউন্ডে আবার মাঠে নামবো।’

