পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ আসন নন্দীগ্রাম: চলছে মমতা-শুভেন্দুর বাগযুদ্ধ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ | আপডেট: ১৮:০১
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। দ্বিতীয় দফা ভোটের আগে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। চলছে হাইভোল্টেজ দুই প্রার্থীর কথার লড়াই। এমনকি নন্দীগ্রামে প্রচারণায় গিয়ে দুই প্রার্থীই বাগযুদ্ধে জড়িয়েছেন।
এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতার প্রতিপক্ষ হচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। মমতা উস্কে দিয়েছেন নন্দীগ্রামের মাটিতে ঘরের লোক-বহিরাগত বিতর্ক। পাল্টা ঘরের ছেলে ইমেজ তুলে ধরার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী।
সোমবার (২৯ মার্চ) অধিকারী পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, ‘একদিন এমন অবস্থা হবে, না ঘরকা থাকবে না ঘাটকা হয়ে যাবে। সেদিন বুঝতে পারবে কী করেছে।’
এর জবাবে শুভেন্দু বলেছেন, ‘তার কথার জবাব আমি দেব না। তিনি নোংরা কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এখানে কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনে তিনি উপযুক্ত জবাবই পাবেন।’
এর আগে রবিবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে শুভেন্দু বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ঈদ মোবারক বলতে অভ্যস্ত। তার অভ্যাস এমনই হয়ে গেছে যে, তিনি হোলি উৎসবেও মানুষকে হোলি মোবারক বলেন। বেগমকে ভোট দেবেন না। যদি বেগমকে ভোট দেন, তাহলে এটি মিনি পাকিস্তানে পরিণত হবে।’
নিজের সাবেক দলের নেতাকে কটাক্ষ করে তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে তার চিঠিপত্রের প্যাডে ‘সাবেক এমএলএ’ লেখাটা ছাপিয়ে ফেলা।

