একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু ১ এপ্রিল
উত্তরদক্ষিণ | বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:৫৭
একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার(১লা এপ্রিল) সকাল ১১টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।
ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহবান করা হয়েছে বলে এর মেয়াদ স্বল্পকালীন হবে। সংবিধান অনুযাযী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। সংসদ সচিবালয় থেকে জানানো হয় দ্বাদশ অধিবেশন ৫-৬ কার্যদিবস চলতে পারে।
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবারও যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এ অধিবেশন চলবে। ফলে এ অধিবেশনেও সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে বলা হয়েছে।
এদিকে গত ২ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শেষ হয়। গত ১৮ জানুয়ারি ওই অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ী সে অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন।

