সৌদিতে ড্রোন হামলার চেষ্টা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ০৯:৫৮
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে দুটি বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় খামসি মুশাইত শহর লক্ষ্য করে এই হামলার চেষ্টা চালানো হয়। তবে ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।
হুথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া হামলাচেষ্টার সত্যতা নিশ্চিত করে এক টুইটে জানিয়েছেন, সৌদি শহরটির বাদশা খালিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন দুটি উৎক্ষেপণ করা হয়েছিল। সৌদি জোট ইয়েমেনে যে সামরিক ‘আগ্রাসন’ চালাচ্ছে তার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন, ঘরবাড়ি হারিয়েছেন কয়েক লাখ।

