শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের ২১ সদস্যের দল ঘোষণা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:২৫
শ্রীলংকার বিপক্ষে ২১ সদস্যের প্রাথমিক টাইগার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে তিন নতুন মুখ। তারা হলেন; শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম। আর ফিরেছেন শুভাগত হোম চৌধুরী।
লাল-সবুজের হয়ে শুভাগত হোম সব শেষ টেস্ট খেলেছিলেন ২০১৬ সালে সফরকারি ইংল্যান্ডের বিপক্ষে।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে চলতি মাসের ১২ তারিখে দেশ ছাড়বে লাল সবুজের দল। শ্রীলঙ্কা পৌঁছে তিন দিনের কোয়ারেনটাইন শেষে ১৫-১৬ এপ্রিল কোয়ারেনটাইনকালীন অনুশীলনে ঘাম ঝরাবে অতিথিরা। ১৭-১৮ এপ্রিল অুনষ্ঠিত হবে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। এরপর ১৯ ও ২০ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজপূর্ব অনুশীলন করবে ডমিঙ্গো শিষ্যরা।
একই ভেন্যুতে ২১-২৫ এপ্রিল গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ও২৯ এপ্রিল-৩ মে অুনষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্ট।
শুক্রবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কা সফরের দল ঘোষণা করে টাইগার ক্রিকেট প্রশাসন।
২১ সদস্যের বাংলাদেশ দলে যারা আছেন: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস,আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাইম হাসান।
বিজ্ঞপ্তিতে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বিবৃতি দিয়ে জানান হয়েছে, ‘আমরা এজন্যই প্রাথমিক দলকে শ্রীলঙ্কা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে করে ওখানে তারা আমাদের প্রস্তুতিতে সাহায্য করতে পারে এবং দীর্ঘ পরিসরের ক্রিকেটে যারা আমাদের ভবিষ্যতের ভাবনায় আছে তারাও নিজেদের প্রমাণের সুযোগ পান। শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচের পরে মূল স্কোয়াড ঘোষিত হবে।’
তিন তরুণ পেসার শরিফুল, শহিদুল ও মুগ্ধ’র অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যায় নান্নু বলেন, ‘ওরা তিনজনই আমাদের এইচপি (হাই পারফরম্যান্সে) সেটআপে ছিল এবং যে ফরম্যাটেই খেলেছে আমাদের সন্তুষ্ট করতে পেরেছে। বিশেষ করে মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম এবারের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে আমাদের নজর কেড়ে ভবিষ্যত টেস্ট প্লেয়ার হিসেবে নিজেদের প্রমাণ করেছে।’
আর লম্বা বিরতিতে দলে ফেরা শুভাগত হোম সম্বন্ধে জানাতে গিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘শুভাগত কিছুটা বিরতির পরে ফিরেছে কিন্তু সে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছে। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করেছি, তবে ওর অফ স্পিন আমাদের স্পিনিং বিভাগকে আরও বেশি সমৃদ্ধ করবে।’

