করোনা: বিশ্বে একদিনে মৃত্যু ১৪ হাজার ৮৮ জন
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ১০:৫৫
করোনার দ্বিতীয় ধাপে পুরো বিশ্বে আক্রান্তের ও মৃত্যর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ হাজার ৮৮ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৮১ হাজার মানুষ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানায়।
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৩০ লাখ ৭১ হাজার ৫৮৯ জনে। ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ৪৭৭ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৬ লাখ ২ হাজার ৫১ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৮৩ হাজার ৩৩০ জন মারা গেছেন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ইন্ডিয়া। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৪১ লাখ ২২ হাজার ৭৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৬৮৭ জনের।

