দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ খালেদা জিয়া
উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১ | আপডেট ০৩:০০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনাভাইরাসের দ্বিতীয় পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ এসেছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।
শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষার নমুনা নেয়া হয়, রাতে এর ফলাফল আসে। এরপর রাত ১০টার দিকে অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে অধ্যাপক আব্দুস শাকুর খান, অধ্যাপক জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন বিএনপি চেয়ারপারসনের বাসায় আসেন। রাত ১২টা ৫০ মিনিটে তারা বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘আজ উনার (খালেদা জিয়া) শারীরিক পরীক্ষার সবগুলো রিপোর্ট ভালো এসেছে। করোনার দ্বিতীয় সপ্তাহে যেসব জটিলতা দেখা দেয়, সেগুলো তিনি কাটিয়ে উঠেছেন। ম্যাডামের অবস্থা ভালো আছে, তার ফুসফুসেও কোনো জটিলতা নেই। আশা করছি- ৫-৬ দিন পর তৃতীয় দফা নমুনা টেস্টে উনার রিপোর্ট নেগেটিভ আসবে। উনি করোনামুক্ত হবেন।’
চিকিৎসক টিমের আরেক সদস্য ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়া ছাড়াও বাসার তিনজনের করোনার দ্বিতীয় টেস্টেও রিপোর্ট পজিটিভ এসেছে। তবে অন্য পাঁচজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা এখন করোনামুক্ত।’
গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। তার সঙ্গে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ বসবাস করা আরও ৮ জন করোনা আক্রান্ত হন। তাদের মধ্যে পাঁচজন করোনামুক্ত হয়েছেন। বাকি তিনজনের চিকিৎসাও খালেদা জিয়ার সঙ্গেই করানো হচ্ছে।
প্রসঙ্গত,৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। দণ্ড নিয়ে তিন বছর আগে তাকে কারাগারে যেতে হয়। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক’ বিবেচনায় শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।

