বিশ্বকাপের আগে আরব কাপ আয়োজন করছে কাতার
উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট ১৯:০০
আগামী ফিফা বিশ্বকাপ আয়োজন করবে কাতার। তবে তার আগে আরব কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কাতার। ২০২২ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি হিসেবে আগামী শীতে এই টুর্নান্টের আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি।
কাতারের রাজধানী দোহার একটি অপেরা হাউজে মঙ্গলবার(২৭ এপ্রিল) এক অনুষ্ঠানে ভাইরাস প্রতিরোধী ব্যবস্থাপনার মধ্যেই জড়ো হয়েছিলেন আঞ্চলিক ফুটবল কিংবদন্তী ও কর্মকর্তারা।
এ সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন,‘ এটি হবে দুর্দান্ত একটি ইভেন্ট। প্রথম ফিফা আরব কাপ। যেটি আরব বিশ্বকে একত্রিত করার একটি ইভেন্ট হিসেবে বিশ^কাপের জন্য প্রস্তুত হওয়ার টুর্নামেন্ট। সব কিছুই প্রায় প্রস্তুত।’
আরবের চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৩টি দল। ২০২২ বিশ^কাপ আয়োজনের জন্য নির্মিত আট স্টেডিয়ামের মধ্যে ছয়টিতে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।
২০২২ বিশ্বকাপ আয়োজনের প্রধান নির্বাহি নাসের আল খাতের বলেন,‘ ২০২২ বিশ^কাপের আগে এই টুর্নামেন্ট হচ্ছে আসল পরীক্ষামুলক ইভেন্ট। আগের বিশ^কাপগুলোতে সাধারণত প্রস্তুতির জন্য আয়োজন করা হতো আটটি দল নিয়ে কনফেডারেশন কাপ। তবে এবারের প্রস্তুতিতে অংশ নিতে যাচ্ছে ২৩টি দল।’
বিশ্বকাপ উপলক্ষে কাতার এখনো পর্যন্ত উদ্বোধন করেছে তিনটি নতুন ভেন্যু। সংস্কার করা হয়েছে একটি। চারটি ভেন্যু এখনো উদ্বোধনের অপেক্ষায় আছে। তন্মধ্যে ডিসেম্বরের আগে দুটি উদ্বোধন করা হবে বলে জানান খাতের।
ফিফার বিশ্ব র্যাঙ্কিংয়ে এপ্রিল সংস্করণ অনুসারে নিচের দিকের ১৪ টি দল টুর্নামেন্টের আগে একক লেগের প্লে অফে অংশ নেবে।
শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজন অতিথি এই যোগ দিয়েছেন এই অনুষ্টানে। তাদেরকে আগে করোনা পরীক্ষা করানো হয়েছে এবং ইভেন্টের জন্য গড়ে তোলা হয় জৈব সুরক্ষা বলয়।
কাতার জাতীয় ফুটবল দলের কোচ ফেলিক্স সানচেজ বলেন,‘ এই টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত কাতার। তাদের হাতে রয়েছে প্রয়োজনীয় সব ধরনের রসদ ও স্টেডিয়াম।’

