গণপরিবহন চালুর বিষয়ে চিন্তা করছে সরকার: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ |শনিবার, ০১ মে ২০২১ | আপডেট ০৩:০০
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ সামনে রেখে গণপরিবহন চালুর বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার।
শনিবার (০১ মে) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
করোনাভাইরাস মহামারীর মধ্যে গণপরিবহন চালুর দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক দেওয়া মালিক-শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান ওবায়দুল কাদের।
পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, “লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে। আপনারা আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন ধৈর্য ধরুন।”
এর আগে শুক্রবার গণপরিবহন চালুর দাবিতে রবিবার সারাদেশে বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে চলমান কঠোর বিধিনিষেধ কয়েক দফায় সর্বশেষ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

