‘কঠোর শর্তসাপেক্ষে’ আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

‘কঠোর শর্তসাপেক্ষে’ আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

উত্তরদক্ষিণ | শনিবার, ০১ মে ২০২১ | আপডেট ১২:০০

‘কঠোর শর্তসাপেক্ষে’ নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে যাত্রী পরিবহনের অনুমতি দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (০১ মে) থেকেই ‘অতি ঝুঁকিপূর্ণ’ বিবেচিত দেশগুলো বাদে অন্য সব গন্তব্যে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে নিয়ন্ত্রক সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ‘এয়ার বাবল’ ফ্লাইটগুলোর চলাচলও স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পরা অভিবাসী যাত্রীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন। কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে ১২টি দেশের সঙ্গে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে বেবিচক। এগুলো হলো- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ইন্ডিয়া, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউদ আফ্রিকা ও তিউনিশিয়া।

২৬টা দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করে সেসব দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট ‘শর্তসাপেক্ষে’ চলাচল করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দেশগুলো হলো- অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, লিথিওনিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে।

‘অতি ঝুঁকিপূর্ণ’ দেশগুলোর সঙ্গে যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন রাখার পাশাপাশি ঝুকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিনের ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত জানিয়েছে বেবিচক।

দুই তালিকা মিলে ৩৮টি দেশের বাইরে থাকা দেশগুলোর যাত্রীদের আরটিপিসিআর নেগেটিভ সনদ আনাসাপেক্ষে ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টিন’ কঠোরভাবে পালন করতে হবে। ব্যতিক্রম হিসাবে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ (কাতার, বাহরাইন ও কুয়েত) ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকলেও চলমান ৩ দিনের ‘প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন’ ব্যবস্থাপনা অনুসরণ করবেন। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বাকি ১১ দিন ‘হোম কোয়ারেন্টিন’ অথবা ‘আইসোলেশন’ থাকার জন্য বিবেচিত হবেন বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে চলমান কঠোর বিধিনিষেধ কয়েক দফায় সর্বশেষ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বেবিচক আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচলের বিধিনিষেধও সে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানালেও তা পাল্টে তিন দিনের মাথায় নতুন সিদ্ধান্ত এলো।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading