৩ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল
উত্তরদক্ষিণ| রবিবার, ০২ মে ২০২১ | আপডেট ১৬:০০
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন নিয়ে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল করেছে পরিবহন শ্রমিকরা।
রবিবার (২ মে) বেলা ১২টার দিকে এ বিক্ষোভ মিছিল করেছে পরিবহন শ্রমিকর। বিক্ষোভ মিছিলে প্রায় তিন শতাধিক শ্রমিক অংশ নেন। এ সময় শ্রমিকদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন ছিল।
এতে নেতৃত্ব দেয় ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটি।
শ্রমিক নেতারা বলেন, ‘অনুমতি দিলে প্রয়োজনে আমরা স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করব। সরকারের কাছে আমাদের আবেদন, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা হোক এবং সারাদেশে ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা হোক।’
শ্রমিকরা জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারাদেশে ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছে আজ। এ ছাড়া আগামী ৪ মে সারাদেশে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে।
শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘শপিং সেন্টার থেকে শুরু করে সব কিছু চালু রেখেছে সরকার। শুধু বন্ধ রয়েছে গণপরিবহন। এতে ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবি আমরা সরকারের কাছে জানিয়ে আসছি। কিন্তু কোনো ফল হচ্ছে না।’

