নিশো-তিশার রেকর্ড
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৮ মে ২০২১| আপডেট ১৭:৫৭
মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘তাকে ভালোবাসা বলে’ নাটকটি সোমবার (১৭ মে) ইউটিউবে মুক্তি পায়। মুক্তির ২০ ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত নাটকের মধ্যে দ্রুততম সময়ে মিলিয়ন ভিউ অতিক্রমের রেকর্ড গড়েছে এটি। এই নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা।
নাটকটি প্রযোজনা করেছে সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি গণমাধ্যমকে বলেন, ১৭ মে বেলা ৩টায় সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি। পরদিন মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টার দিকে নাটকটি ১ মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করে। নাটকটি দেখার পর গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার কমেন্ট করেছেন দর্শকরা। যার মধ্যে ৯৯ শতাংশ মন্তব্যে ভূয়সী প্রশংসা করেছেন গল্প, অভিনয় ও নির্মাণের।
কৃতজ্ঞতা প্রকাশ করে নির্মাতা বলেন, ‘আমি দর্শকদের জন্য নির্মাণ করি। দর্শক কী চান, সবসময় তা বোঝার চেষ্টা করি। বরাবরই এই কথা বলি এবং বিশ্বাস করি। করোনার কারণে এই ঈদের জন্য তেমন কাজ করা হয়নি। লকডাউনে পড়ার ঠিক আগে আগে কাজটি শেষ করেছিলাম। এটি প্রকাশের পর তুমুল সাড়া পাচ্ছি। দর্শকরা দেখছেন, প্রশংসা করছেন। দ্রুততম সময়ে এটি মিলিয়ন ভিউ ছাড়িয়েছে জেনে আরো ভালো লাগছে। দর্শকদের প্রতি আমার আস্থা ও কৃতজ্ঞতা আরো বেড়ে গেল।’ জোবায়েদ আহসান রচিত এ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—দৈবনাথ সাহা, অর্ণব অন্তু, স্বর্ণলতা প্রমুখ।

