চীনে ২০ দৌড়বিদের মৃত্যু: নিখোঁজ ১

চীনে ২০ দৌড়বিদের মৃত্যু: নিখোঁজ ১

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১১:২৫

চীনে ১০০ কিলোমিটার মাউন্টেইন ম্যারাথনে অংশ নিয়ে ২০ জন দৌড়বিদের মৃত্য হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও এক দৌড়বিদ।

রবিবার (২৩ মে) সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিলাবৃষ্টি, তুষারপাত ও ঝড়ো বাতাসে এই ২০ দৌড়বিদের মৃত্য হয়েছে।

গাংসু প্রদেশের বাইয়াইন সিটির মুখপাত্র বলেন, ‘ইয়োলো রিভার স্টোন ফরেস্টে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদদের মধ্যে উঁচুতে থাকা দৌড়বিদরা শনিবার দুপুরে হঠাৎ খারাপ আবহাওয়ার মুখে পড়েন।’

বাইয়াইন সিটি মেয়র ঝং সুচেন বলেন, ‘ম্যারাথনের ২০ থেকে ৩১ কিলোমিটার অংশে ছিলেন তারা। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। মুহূর্তের মধ্যে শিলাবৃষ্টি ও তুষারপাত শুরু হয়। এসময় ঝড়ো বাতাসও ছিল। তখন ওই এলাকার তাপমাত্রা অনেক কমে যায়।’

তিনি বলেন, ‘তাদের কাছ থেকে সাহায্যের বার্তা পাওয়ার পর দ্রুত সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয় এবং ১৮ জনের জীবন রক্ষা করা হয়। দুপুর ২ টার দিকে আবহাওয়া আরও খারাপ হতে থাকে এবং ম্যারাথন বন্ধ ঘোষণা করা হয়। এরপর সেখানে আরও উদ্ধারকারী দল পাঠানো হয়।’

মেয়র বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এরপরও প্রাদেশিক সরকার এ ঘটনার তদন্ত করবে। এ ঘটনায় আহত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ম্যারাথনে ১৭২ জন অংশগ্রহণ করেন। খারাপ আবহাওয়ার কারণে ম্যারাথনে অংশ নেয়া অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। তাদের মধ্যে ১৫১ জন নিরাপদে আছেন বলে শনিবার গভীর রাত পর্যন্ত জানা গেছে। রাত গভীর হলে আবহাওয়া আরও খারাপ হয়ে পড়ে। এ কারণে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়ে।

এনডিটিভি জানায়, গাংসু হলো চীনের অন্যতম দরিদ্র প্রদেশ। এর উত্তরে মঙ্গোলিয়ার সঙ্গে এবং পশ্চিমে জিনজিয়াং প্রদেশের সঙ্গে সীমান্ত রয়েছে। এই প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মতো ঘটনাও ঘটেছে। ২০২০ সালে ভূমিধসে সেখানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবেও পরিচিত।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading