সাংবাদিক রোজিনা জামিন পেলেন
উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১১:৪৫
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম বিরুদ্ধে সরকারি নথি সরানোর অভিযোগে দায়ের করা মামলায় জামিন দিয়েছে আদালত। তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত ৫ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।
এর আগে গত ১৮ মে রোজিনা ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে জামিন আবেদনের বিষয়ে অধিকতর শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেন আদালত। ওই দিন রোজিনা ইসলামের জামিনের বিষয়ে শুনানি শেষ হয়। পরে আদালত আদেশের দিন রবিবার শুনানির দিন ধার্য করে করে আদালত।
রাষ্ট্রপক্ষে হেমায়েত উদ্দিন খান হিরণ, তাপস কুমার পালসহ কয়েকজন আইনজীবী জামিনের বিরোধীতা করেন।
রোজিনা ইসলামের পক্ষে সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজী, প্রশান্ত কুমার কর্মকার, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, আমিনুল গণি টিটো জামিন শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

