ফেনীতে অপহরণ: চট্টগ্রামে দুই কিশোরী উদ্ধারসহ আটক ২
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | আপডেট ১৩:০৩
ফেনীর দাগনভূঁঞা থেকে অপহরণের পরদিন চট্টগ্রামে অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধারসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন ফেনীর দাগনভূঁঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মোমারিজপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জায়েদুল ইসলাম আকাশ (২২) ও ফেনী শহরের রামপুর জলিল বেপারির বাড়ির মো. ইউসুফের ছেলে রাকিব হোসেন (২০)।
র্যাব ৭-এর ফেনী ফাঁড়ির কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান জানান, গতকাল সোমবার বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখিল গ্রামে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, রবিবার অভিযোগ পেয়ে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান জানে। পরে অভিযান চালিয়ে ১৫ ও ১৭ বছরের দুই কিশোরীকে উদ্ধার করা হয়। একই সময় অপহরণকারী সন্দেহে আকাশ ও রাকিবকে আটক করে র্যাব। পরে তাদের থানায় দেওয়া হয়।
দাগনভূঁঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, মঙ্গলবার (২৫ মে) আসামিদের আদালতে পাঠানোর পাশাপাশি কিশোরীদের ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হবে। পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে পুলিশ।

