২০ দিনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠালো প্রবাসী বাংলাদেশিরা

২০ দিনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠালো প্রবাসী বাংলাদেশিরা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | আপডেট ১৪:১৫

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারি মধ্যেও প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনে ব্যাংকিং চ্যানেলে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, তা গত বছরের পুরো মে মাসের অঙ্ককে ছাড়িয়ে গেছে।

চলতি মে মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। গত বছরের পুরো মে মাসে (৩১ দিনে) রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ৪৬ লাখ ডলার। এই হিসাবে ২০ দিনেই পুরো মাসের চেয়ে ৮ কোটি ৪২ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে বলে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রবাসী আয়ের এ গতি অব্যাহত থাকলে চলতি মে মাস শেষে রেমিট্যান্স আহরণ ২৪০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। ‘প্রবাসীদের পাঠানো রেমিটেন্স শুধু প্রবাসীদের নয়, পুরো অর্থনীতির জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের এক তথ্যে জানা গেছে, গেলো এপ্রিলে প্রবাসী বাংলাদেশিরা ২০৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (২.০৬ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছিলেন। যা আগের বছরের একই মাসের চেয়ে প্রায় ৯০ শতাংশ বেশি। গত বছর এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ডলার।

এর আগে গত বছরের জুলাই‌ মাসে রেকর্ড রে‌মিট্যান্স পাঠান প্রবাসীরা। ওই মাসে প্রবাসীরা প্রায় ২৬০ কোটি ডলার রে‌মিট্যান্স পাঠিয়েছিলেন। এর আগে কোনও একক মাসে এতো রেমিট্যান্স আসেনি।

তথ্য বলছে, চলতি অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) রেমিট্যান্স ২ হাজার ৬৭ কোটি (২০ বিলিয়ন) ডলারের মাইলফলক অতিক্রম করেছে। (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৭৫ হাজার ৭১২ কোটি টাকা)। এর আগে কোনও অর্থবছরে এত পরিমাণ রেমিট্যান্স আসেনি বাংলাদেশে।

গত ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪৮৬ কোটি ৮০ লাখ ডলার। চলতি অর্থবছরে ১০ মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ৩৯ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে জানাযায়, ২০১৯-২০২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণের রেকর্ড হয়। ওই সময় এক হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স আসে দেশে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ জুলাই থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। অর্থাৎ কোনও প্রবাসী ১০০ টাকা দেশে পাঠালে তার সঙ্গে আরও ২ টাকা যোগ করে মোট ১০২ টাকা পাচ্ছেন সুবিধাভোগী। এতে করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন প্রবাসীরা।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading