সিলেটে কয়েক দফার ভূমিকম্পে হেলে পড়েছে দুই ভবন
উত্তরদক্ষিণ | রবিবার, ৩০ মে ২০২১ | আপডেট ১০:৩৫
সিলেটে কয়েক দফার ভূ-কম্পনে নগরের পাঠানটুলা দর্জিবাড়ি এলাকায় দু’টি বহুতল ভবন হেলে পড়েছে। খবর পেয়ে শনিবার (২৯ মে) রাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিসিকের প্রকৌশলী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ভবন দুটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, “ভূমিকম্পের ফলে জালালাবাদ পাঠানটুলা দর্জিবাড়িস্থ পল্লবী ব্লক-সি-১৬ (হোল্ডিং নং-০৩৮২-০১) নম্বর বাসা এবং একই এলাকার মোহনা ব্লক-বি-০৩, হোল্ডিং নং-০৮৫১-১৪ নম্বর বাসা একে অপরের প্রায় ১ ফুট পরিমাণে হেলে পড়েছে।”
সিসিকে কন্ট্রোল রুম, হট লাইন চালু: আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে ১ দিনে ৪ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় পরবর্তী ৭ দিনের মধ্যে বেশি মাত্রার ভূমিকম্পের আশংকা রয়েছে। সে অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশন দূর্যোগ মোকাবেলায় বিশেষ পর্যবেক্ষন ও প্রস্তুতি গ্রহন করেছে সিলেট সিটি কর্পোরেশন।
শনিবার সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরী সভা থেকে নগরবাসীকে আতংকিত না হয়ে সচেতন ও দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে সিলেটের সকল সরকারী ও বেসরকারী হাসপাতাল ক্লিনিকের দূর্যোগকালিন সময়ে চিকিৎসা সেবা দান নিশ্চিতে প্রস্তুতি গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।

