‘জিয়াউর রহমানের মৃত্যুর পর সবাই ভেবেছিলো বিএনপি শেষ হয়ে যাবে’
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ২১:৩০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিয়াউর রহমানের শাহাদাতের পরে সবাই ভেবেছিলো যে বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপিকে আর দেখা যাবে না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির পতাকা, স্বাধীনতা-সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকাকে তুলে ধরেছেন।’
মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় সুপ্রিমকোর্ট বার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ৯ বছর টানা সংগ্রাম করে স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করেছেন খালেদা জিয়া। আমি তো মনে করি, এখন অব্দি এই দেশে জীবিত আছেন যেসমস্ত রাজনীতিবিদ তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিয়ষী নেত্রী হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার অবদান কারও চেয়ে খাটো নয়।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন আমাদের কাছে এতো প্রিয়? কেন তাকে আমরা আমাদের বুকের মধ্যে ধারণ করে থাকি? কেন আমরা বলি কোনো দিনও তাকে ভোলা যাবে না? যিনি কোনো দিন মৃত্যুবরণ করবেন না মানুষের মন থেকে, নেতা হিসেবে, পথপ্রদর্শক হিসেবে কেন তাকে আমরা বেছে নিয়েছি? কারণ, সবচেয়ে কঠিন দুইটি সময় তিনি এই জাতির সামনে এসে দাঁড়িয়েছিলেন।’
তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চের আগ পর্যন্ত আমরা সবাই কিন্তু স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, সাধিকারের জন্য লড়াই করেছি। দীর্ঘ দিন ধরে আমরা সংগ্রাম করেছি, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী করেছেন, শহীদ সোরাওয়ার্দী করেছেন, শেরে বাংলা ফজলুল হক করেছেন বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় আমরা যারা ছাত্র ছিলাম, আমরা স্বাধীন পূর্ববাংলা ঘোষণাও করে দিয়েছিলাম।’
স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই সিকদার, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের বিথীকা বিনতে হোসাইন, ইয়াসীন আলী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। আলোচনা সভায় বিএনপির কয়েক শ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

