‘ছাত্রলীগ সভাপতির ভয়ে’ বাসা থেকে বের হতে পারছেন না বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণী!

‘ছাত্রলীগ সভাপতির ভয়ে’ বাসা থেকে বের হতে পারছেন না বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণী!

উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ১৭:০০

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেনের (৩০) বিরুদ্ধে হুমকি, হয়রানি ও উত্ত্যক্তের অভিযোগ এনে থানায় অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণী (২২)। অভিযোগে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ারের পাশাপাশি তাঁর ভাগনে নাজমুল হীরাসহ অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনের কথাও উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগটি জমা দেন আইনপড়ুয়া ঐ তরুণী। অভিযোগ পত্র থেকে জানা যায়, ঐ তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন চতুর্থ বর্ষের ছাত্রী।

জানা যায়, গত ৪ এপ্রিল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেছিলেন ওই তরুণী। পরে ফেসবুক লাইভে এসে লুৎফর রহমানকে নির্দোষ দাবি করেন ঐ তরুণী।

ওই তরুণীর অভিযোগ, ফেসবুক লাইভে এসে ধর্ষণের বিষয়টি সঠিক নয় বলে বক্তব্য দেওয়ায় তাঁকে হয়রানি করা হচ্ছে।

অভিযোগপত্র

লিখিত অভিযোগে ঐ তরুণী বলেছেন, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, তাঁর ভাগনে নাজমুল হীরাসহ অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জন দুই মাস ধরে তাঁকে নানাভাবে হয়রানি করে আসছেন। তাঁরা প্রকাশ্যে হুমকি দেওয়াসহ বিভিন্নভাবে ফোন কল এবং ফেসবুকে আপত্তিকর খুদে বার্তা পাঠানোর মাধ্যমে তাঁকে উত্ত্যক্ত করছেন। তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় মিথ্যা ও নোংরা অপপ্রচার চালানো হচ্ছে। দুই মাস ধরে তিনি আনোয়ার হোসেনের ভয়ে বাসা থেকে বের হতে পারছেন না। যেকোনো সময় অভিযুক্ত ব্যক্তিরা তাঁর বড় ধরনের ক্ষতি করতে পারেন।

ওই তরুণী বলেন, আমার এলাকার বড় ভাই আনোয়ার হোসেন মোল্লা সুমন। তাঁর কথায় না বুঝেই লুৎফর রহমানের বিরুদ্ধে মামলা করেছিলাম। পরে ভুল বুঝতে পেরে ফেসবুক লাইভে এসে সত্যিটা বলি। এরপর থেকেই আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ওই তরুণী এর আগেও কমিটির এক সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। এরপর ফেসবুক লাইভে এসে দাবি করেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক তাঁকে দিয়ে মামলা করিয়েছেন।

ঐ তরুণীর সঙ্গে কোনো সময় কথাই হয়নি দাবি করে আনোয়ার হোসেন আরও বলেন, অভিযোগের বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য একেক সময় একেকজনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ঐ তরুণী।

লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, আমরা একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading