পণ্য ডেলিভারির পর টাকা পাবে ই-কমার্স প্রতিষ্ঠান

পণ্য ডেলিভারির পর টাকা পাবে ই-কমার্স প্রতিষ্ঠান

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ০১:০০

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সার্বিক লেনদেন নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। ক্রেতাদের হাতে পণ্য ডেলিভারি দেওয়ার পর টাকা পাবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার (২৪ জুন) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ‘ডিজিটাল কমার্স পরিচালনা’ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান।

সভায় ই-কমার্স প্রতিষ্ঠানকে বিশ্বাসযোগ্য করতে তাদের কাছ থেকে জামানত রাখার কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

তিনি বলেন, ‘ক্রেতাদের সতর্ক থাকতে হবে। যারা অস্বাভাবিক অফার দেয়, তারা সন্দেহজনক আচরণ করতে পারে। তারপরও আমরা আশা করি, তারা যেন অনলাইনে কার্ড বা বিকাশ-নগদের মতো সিস্টেমে পেমেন্ট করে, তাহলে পেমেন্ট কন্ট্রোল করা যাবে। এর বাইরে ভিন্ন পন্থায় যদি তারা অ্যাডভান্স দিয়ে দেয়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে।’

হাফিজুর রহমান জানিয়েছেন, পণ্য ডেলিভারির আগে টাকা পরিশোধ যেন না হয়, সেজন্য খুব শিগগিরই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি এসওপি সার্ভিস ডেভলপ করা হবে। ব্যাংক বা ক্রেডিট কার্ড যাদের আছে, তারা পেমেন্ট কন্ট্রোল করবে।

সভায় বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ, ডাক টেলিযোগাযোগ বিভাগ, রাজস্ব বোর্ড, বিটিআরসির ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং ই-ক্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading