এইচএসসির ফরম পূরণ শুরু ২৯ জুন
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১৪:৫০
২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। শুক্রবার (২৫ মার্চ) শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান শাখার জন্য ফরম পূরণের ফি ২ হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি’ও নেয়া যাবে না বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধকরাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এর পরিবর্তে জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের উপর এইচএসসির ফলাফল দেওয়া হয়। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা হলেও করোনার কারণে তা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

