সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষ দশে মেসি

সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষ দশে মেসি
লিওনেল মেসি । ফুটবল

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ১৮:৩০

সোমবার কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দুই গোল করেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। ওই ম্যাচে ৪-১ গোলে জয়লাভ করেছে আর্জেন্টিনা। অপরদিকে জোড়া গোলের সুবাদে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে শীর্ষ ১০ গোলদাতার তালিকায় ঢুকে গেছেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই ফুটবল তারকা।

৩৪ বছর বয়সি মেসি এমন এক সময় শীর্ষ ১০ গোলদাতার আসনে যুক্ত হলেন, যখন তার চির প্রতিদ্বন্দ্বি পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো পৌঁছে গেছেন সর্বকালের সর্বাধিক গোলদাতা আলি দাইর সহাবস্থানে। ইউরো ২০২০ টুর্নামেন্টে পর্তুগালের হয়ে ৫ গোল করা এই তারকা গত সপ্তাহে বিরল এই গৌরবজনক আসন অলংকৃত করেছেন।

গতকাল সতীর্থ সার্জিও এগুয়েরোর যোগান থেকে পাওয়া বল আনুমানিক ২০ গজ দূর থেকে বাঁ পায়ের নান্দনিক শটে জালে জড়িয়ে দেন মেসি। যার মাধ্যমে শীর্ষ দশের ঐতিহাসিক তালিকায় ঢুকে পড়েন মেসি। এর আগে পেনাল্টি থেকে আরো একটি গোল করেছিলেন মেসি। ফলে ওই গোলটি তার ৭৫ তম আন্তর্জাতিক গোলে পরিণত হয়। যা তাকে পেঁৗঁছে দিয়েছে শীর্ষ আন্তর্জাতিক গোল দাতার তালিকার নবম স্থানে। যেখানে আগে থেকেই অবস্থান করছেন হাঙ্গেরিয় গ্রেট সান্দর ককসিস, জাপানের কুনিসিঙ্গে কামামোতো এবং কুয়েতের বাশার আবদুল্লাহ।

তবে ওই তিনজনের তুলনায় অনেক বেশী ম্যাচ খেলেছেন মেসি। তারপরও এটি ছিল তার দ্বিতীয় আত্মতৃপ্তির ঘটনা। কারণ গতকালের ম্যাচ খেলতে মাঠে নামার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন মেসি। গত সপ্তাহেই আর্জেন্টিনার হয়ে ১৪৭ তম ম্যাচে অংশগ্রহনের মাধ্যমে জাভিয়ার মাচেরানোর সঙ্গে সর্বাধিক ম্যাচে খেলার রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। কিন্তু গতকাল (বাংলাদেশ সময় অনুযায়ী আজ) কোপা আমেরিকায় গ্রুপের শেষ ম্যাচে অংশগ্রহনের মাধ্যমে একক ভাবে সর্বাধিক ১৪৮ ম্যাচ খেলার আসনটি দখলে বার্সেলোনা তারকা।

অবশ্য রোনালদোকে ধরতে গেলে অনেকটা পথ পাড়ি দিতে হবে মেসিকে। ১০৯ গোল করে যৌথভাবে ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাইয়ের গড়া সর্বাধিক গোলদাতার আসনে স্থান করে নিয়েছেন রোনালদো।

তাদের চেয়ে ২০ গোল পিছিয়ে ৮৯ টি গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে মালয়েশিয়ান স্ট্রাইকার মোহাম্মদ মোক্তার দাহারি। ৮৪ গোল করে তৃতীয় অবস্থানে রয়েছেন স্পেনের ফেরেস পুস্কাস। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে আছেন যথাক্রমে জাম্বিয়ার গুডফ্রে চিতালু ৭৯, ইরাকের হোসেন সাঈদ মোহাম্মদ ৭৮ এবং ব্রাজিলীয় কিংবদন্তী পেলে ৭৭। এক গোল কম নিয়ে ষষ্ঠ অবস্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের বর্তমান স্ট্রাইকার আলী মাবকুত। সমান ৭৫ গোল নিয়ে তালিকার পরের চারটি অবস্থানে আছেন যথাক্রমে হাঙ্গেরির সান্দর ককসিস, জাপানের কুনিসিঙ্গে কামামোতো, কুয়েতের বাশার আবদুল্লাহ এবং আর্জেন্টিনার লিওনেল মেসি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading