জরুরি প্রয়োজন ছাড়া বের হলে গ্রেফতার-সাজা: ডিএমপি কমিশনার

জরুরি প্রয়োজন ছাড়া বের হলে গ্রেফতার-সাজা: ডিএমপি কমিশনার

উত্তরদক্ষিণ| বুধবার, ৩০ জুন ২০২১| আপডেট ১৪:০০

কঠোর লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে গ্রেফতার-সাজা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে সাত দিনের লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। বিনা প্রয়োজনে বের হলে প্রথমে আটক এরপর নিয়মিত মামলা কিংবা প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তৎক্ষণাৎ দণ্ড দেওয়া হবে। এজন্য যদি প্রতিদিন ৫ হাজার মানুষকে গ্রেপ্তার করতে হয় তাও করা হবে। আর নিয়মিত মামলার ক্ষেত্রে সর্বনিম্ন সাজা ৬ মাস নিশ্চিত করা হবে।

বুধবার (৩০ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, ‘জরুরি সেবা হিসেবে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসমূহের শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণকে মাস্ক পড়ার জন্য গণমাধ্যমসহ সব প্রচার প্রচারণার মাধ্যমে সচেতন করতে হবে। ওষুধ ক্রয় ও কাঁচা বাজার করার জন্য নাগরিকরা যানবাহন হিসেবে শুধু রিকশা ব্যবহার করতে পারবেন। আন্তর্জাতিক ফ্লাইট যাত্রীরা পাসপোর্ট প্রদর্শন করে যাতায়াত করতে পারবেন। ‘

পুলিশ কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরীর প্রধান সড়কগুলো ও অলিগলিতে পুলিশি টহল বৃদ্ধি করা হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট জোরদার করা হয়েছে। বিধিনিষেধ অমান্যকারীদের ডিএমপি অর্ডিন্যান্স অনুসারে গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষেত্রবিশেষে ট্রাফিক আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। দণ্ডবিধির ২৬৯ ধারা অনুসারে গ্রেপ্তারসহ নিয়মিত মামলা রুজু হবে। এছাড়া, রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট থাকবে।’

আর জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে মাক্স পরিধান আবশ্যক বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading