কঠোর লকডাউনেও খোলা থাকবে ব্যাংক
উত্তরদক্ষিণ| বুধবার, ৩০ জুন ২০২১| আপডেট ১৪:৫০
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করছে সরকার। বুধবার (৩০ জুন) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
কঠোর বিধিনিষেধেও ব্যাংক খোলা থাকবে। কঠোর বিধি নিষেধ সংক্রান্ত মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে ব্যাংকে লেনদেনের সময়সীমা কী হবে তা উল্লেখ করা হয়নি। এটি ব্যাংকিং খাতের রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের উপর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
ওই নির্দেশনার আলোকে আগামী রবিবার ৪ জুলাই থেকে ব্যাংকে লেনদেন চলবে। ব্যাংক ক্লোজিংয়ের কারণে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে। তাই কোনো ব্যাংকে লেনদেন হবে না কাল।
জানা যায়, বুধবার (৩০ জুন) বিকালের মধ্যেই বাংলাদেশ ব্যাংক কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে ব্যাংক লেনদেনের সময় চূড়ান্ত করবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কঠোর বিধিনিষেধে ব্যাংক খোলা থাকলেও লেনদেনের সময় কমতে পারে। এছাড়া একই দিনে সব ব্যাংকে সব শাখা খোলা না রেখে সীমিত পরিসরে তা খোলা রাখা হতে পারে। তবে কোন বিকল্পটি চূড়ান্ত হবে তা বিকালের মধ্যেই জানা যাবে।

