করোনা: রামেকে আরও ১৩ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| শনিবার, ০৩ জুলাই ২০২১| আপডেট ১১:৩০
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২ জুলাই সকাল ৮টা থেকে ৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১৩ জন মারা যান। এর আগে গত ২৮ জুন সর্বোচ্চ ২৫ জন মারা যান।
তিনি আরও জানান, মারা যাওয়া ১৩ জনের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ছিলো। বাকি আট জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ১ জন এবং পাবনার ১ জন। হাসপাতালটিতে এ মাসের তিন দিনে ৫২ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪৭৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

