করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১৮:৫৫

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ নিয়ন্ত্রণে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ রবিবার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধি-নিষেধ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, এক সময় আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি করতে পেরেছিলাম। এর ফলে জঙ্গিবাদ দমনে আমরা সফল হয়েছি। বাল্যবিবাহ ও ইভটিজিং এর মতো সমস্যাগুলোও সামাজিক আন্দোলনের মাধ্যমে বন্ধ করতে সক্ষম হয়েছি। সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ফলেই এটা সম্ভব হয়েছে। তেমনি কোভিড-১৯ মোকাবেলায়ও জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কোভিড-১৯ মোকাবিলায় জনপ্রতিনিধিদের দায়িত্ব অনেক বেশি। জনগণকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিটি পাড়ায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যেহেতু করোনা সঙ্কটটি দীর্ঘদিন ধরে চলার সম্ভাবনা রয়েছে, তাই এই কমিটিকেও দীর্ঘ সময় ধরে কাজ করার প্রস্তুতি রাখতে হবে। এই কমিটির মূল কাজ হবে মাস্ক বিতরণ ও পরিধানে জনগণকে উদ্বুদ্ধ করা, কারো করোনা উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া ও টেস্টের ব্যবস্থা করা এবং সকলকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করা।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, মেহেরপুরের পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading