এবার কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলা হয়নি : শিল্পমন্ত্রী
উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১৮:৪৫
সরকারের নজরদারির কারণে এবার কোরবানির চামড়া নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ রবিবার (২৫ জুলাই) শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চামড়া শিল্প দেশের অন্যতম একটি রপ্তানিমুখী এবং বহুমুখী সম্ভাবনাময় খাত। চামড়া শিল্পের অধিকাংশ কাঁচামাল (কাঁচা চামড়া) কোরবানির সময় সংগ্রহ করা হয়ে থাকে। সরকার এ খাতের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এবার লবণ দিয়ে যথাসময়ে ও যথাযথ প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণ করা হয়েছে। চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে লবণের সরবরাহ ছিল এবং কোনো চামড়া নষ্ট হয়নি। জেলা, বিভাগ ও মন্ত্রণালয়ের সমন্বয়ে মাঠ পর্যায়ে মনিটরিং ও টিমওয়ার্কের কারণে চামড়া সংগ্রহ, পরিবহণ ও সংরক্ষণে চামড়া ব্যবস্থাপনায় এবার সুফল এসেছে। এ বছর প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম ব্যাপকভাবে চালানো হয়েছে, যার ফলে আমরা কোরবানির চামড়া ব্যবস্থাপনার সুফল পেয়েছি।

