কুমিল্লায় ট্রাক্টর-কভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১| আপডেট ১১:৫০
কুমিল্লার চান্দিনায় বালু বোঝাই ট্রাক্টর-কভার্ড ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির পরিদর্শক জিয়াউল হক চৌধুরী জানিয়েছেন।
নিহতরা হলেন- বালু শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান এবং কভার্ড ভ্যানের চালক চালক লিটন। নূরুল ইসলাম চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে আর ফয়জার রংপুরের আবদুল খালেকের ছেলে। পুলিশ পরিদর্শক জিয়াউল হক বলেন, “সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিল শ্রমিকরা।
“এসময় ঢাকাগামী কভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়। ঘটনাস্থলেই বালু শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় কভার্ড ভ্যান চালকের।”
চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধারকাজ চালায় জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনায় আহত ট্রাক্টর চালক আমির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

