শনিবার ১০ মিনিট বাসা পরিষ্কার করুন: মেয়র আতিকুল
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১| আপডেট ১৯:৪০
দেশে চলছে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এরইমধ্যে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গুও। গত এক সপ্তাহ ধরে জ্যামিতিক হারে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এর প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তার ঠেকাতে রাজধানীবাসীকে সপ্তাহের শনিবার সকাল ১০টায় ১০ মিনিট করে নিজের বাসা পরিষ্কার করার আহ্বান জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) মগবাজার চৌরাস্তার মোড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধনে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে মেয়র এ আহ্বান জানান।
মেয়র আতিকুল ইসলাম বলেন, এ মশা ডোবা, নর্দমা বা খালে হয় না, এটি স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। ডেঙ্গুর চাষ হচ্ছে আপনার বাসাতেই। তাই আপনার আপনাদের বাসা পরিষ্কার করুন, আমিও আমার বাসা পরিষ্কার করব এবং সেটা লাইভে দেখাবো।
মেয়র বলেন, আগামী শনিবার আমরা প্রত্যেকে নিজের বাসায় সকাল ১০টায় ১০ মিনিট করে ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দেব, তবেই ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব হবে।

