করোনা: রামেকে আরও ১৮ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১০:৪০
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর বাকি পাঁচজন ছিলেন করোনা নেগেটিভ। তারা শ্বাসকষ্টে মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে রোবববার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন, পাবনার তিনজন এবং কুষ্টিয়ার একজন রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪১৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

